
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা, দিবসটির তাৎপর্য যথাযথভাবে প্রচার, নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা ও আত্মত্যাগের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা হবে।



