Homeপ্রবাসইউএইতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও পাসপোর্ট সংকট নিয়ে গভীর উদ্বেগ

ইউএইতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও পাসপোর্ট সংকট নিয়ে গভীর উদ্বেগ

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সংকটের কারণে সৃষ্ট মানবিক দুর্ভোগ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ প্রবাসী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’।

রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত সাধারণ প্রবাসীদের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ এবং তাদের আইনি অধিকার ও কর্মসংস্থান সুরক্ষার দাবিতে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘ মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো বাংলাদেশির বর্তমান করুণ পরিস্থিতি, কর্মক্ষেত্রে অনিশ্চয়তা এবং পাসপোর্ট নবায়ন করতে না পেরে বৈধতা হারানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথ্য-উপাত্তসহ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে আরব আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসীরা এক অভূতপূর্ব কঠিন সময় পার করছেন। বিশেষ করে নতুন ভিসা প্রাপ্তিতে জটিলতা এবং সময়মতো এমআরপি পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে হাজার হাজার বাংলাদেশির বৈধ বসবাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

এর ফলে তারা প্রতিদিন বিপুল অঙ্কের জরিমানার সম্মুখীন হচ্ছেন এবং যেকোনো মুহূর্তে গ্রেফতার বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন। পাসপোর্ট সংকটের কারণে বহু প্রবাসী চাকরি হারাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন না এবং অসুস্থ হলেও সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি অনেকে বছরের পর বছর পরিশ্রম করেও দেশে পরিবারের কাছে বৈধভাবে অর্থ পাঠাতে পারছেন না।

এ অবস্থাকে প্রবাসীদের জন্য গভীর মানবিক ও অর্থনৈতিক সংকট হিসেবে উল্লেখ করে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

প্রবাসীদের এসব সমস্যা মনোযোগ সহকারে শোনেন রাষ্ট্রদূত তারেক আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে।

তিনি আরও জানান, আমিরাতে বিদ্যমান ভিসা জটিলতা ও পাসপোর্ট সংকটের কারণ ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং বিষয়টি সমাধানে দূতাবাস ও সরকারের উচ্চপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে।

আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রয়েছে এবং দ্রুতই প্রবাসী বাংলাদেশিরা এই সংকট থেকে স্বস্তি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম এবং দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য এস এম করিম, শামসুল হক, কাজী নাজিম উল্লাহসহ অন্যান্য সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

- Advertisment -spot_img

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি থাকা মোট ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া...

সর্বশেষ খবর