
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, দীপু মনি কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে ভুগছেন। তিনি বলেন, “তার শারীরিক অবস্থা খুব বেশি আশঙ্কাজনক না হলেও এখানে কর্মরত চিকিৎসকদের মতে, আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। সে কারণেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, “তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রয়োজন হয়। সোমবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে আমরা সঙ্গে সঙ্গে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
দীপু মনি চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে অন্তত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।



