Homeরাজনীতিসংসদ জনগণের প্রতিনিধিদের দায়িত্ব পালনের পবিত্র স্থান: জামায়াত আমীর

সংসদ জনগণের প্রতিনিধিদের দায়িত্ব পালনের পবিত্র স্থান: জামায়াত আমীর

জাতীয় সংসদে ব্যক্তিকে তোষামোদ করতে গান, কবিতা কিংবা প্রশংসাবাক্য ব্যবহারের অতীতের ‘ব্যাড কালচার’ বা অপসংস্কৃতি পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদ কোনো ব্যক্তিকে খুশি করার জায়গা নয়; এটি জনগণের প্রতিনিধিদের দায়িত্ব পালনের পবিত্র স্থান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদে ব্যক্তিকে তুষ্ট করতে গিয়ে অন্যের চরিত্র হনন বা অপ্রয়োজনীয় প্রশংসা করার সংস্কৃতি আর চলতে পারে না। তিনি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন সংসদে এ ধরনের অপসংস্কৃতির পুনরাবৃত্তি না ঘটে।

তিনি বলেন, সরকার ও বিরোধী দলের চিন্তাভাবনা এক হবে না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি একইভাবে চিন্তা করতেন, তাহলে দীর্ঘ আলোচনার প্রয়োজন হতো না। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যেকেই নিজের বিবেক, মহান আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় অধিবেশন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এই বাজেটের ওপরই আগামী এক বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে নির্ভর করবে। তাই সব সদস্য দায়িত্ববোধ থেকেই মতামত দিয়েছেন।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল আতাউল গণি ওসমানী এবং আ স ম আবদুর রবের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি ১৯৯০-এর গণআন্দোলন, ২৮ অক্টোবর, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত, আহত ও নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা জানান।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর