ঢাকার মিরপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিন্ন ও সমন্বিত ক্যাম্পাস ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) প্রস্তুত করা একটি তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিকে পৃথক প্রশাসনিক কাঠামোয় ভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শিক্ষার মান, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের স্বার্থের জন্য ক্ষতিকর হবে।
শনিবার (৪ জুলাই) শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার বিশেষ অধিবেশনে এ বিষয়ে আলোচনা হয়। কর্মশালায় পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন, উত্তরপত্র মূল্যায়নের আধুনিক পদ্ধতি এবং শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ নিয়ে আলোচনা ছাড়াও ডিআইএর তদন্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা।
শিক্ষকদের দাবি, তদন্ত প্রতিবেদনটি এখনো প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হয়নি। ফলে প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা বা আপত্তি জানানোর সুযোগও তারা পাননি। তাদের মতে, এটি প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির পরিপন্থী।
কর্মশালায় বক্তারা বলেন, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরে একটি অভিন্ন প্রশাসনিক কাঠামো, সমন্বিত পাঠক্রম ও একাডেমিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ক্যাম্পাসগুলো আলাদা করে দেওয়া হলে এই সমন্বিত ব্যবস্থা ভেঙে পড়বে এবং শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।



