
রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর প্রবাহ ৫২ দশমিক ২২ সেন্টিমিটার রেকর্ড করা হয়। যা বিপদসীমার ৭ সেন্টিমিটার (৫২ দশমিক ১৫ মিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে পানি প্রবাহ বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। চলতি বছর ২৩ জুন সর্বপ্রথম বিপদসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়। যা পরদিনই বিপদসীমার নিচে নেমে আসে।
হালকা বৃষ্টি আর উজানের ঢলে রবিবার সন্ধ্যায় আবারও তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর তীরবর্তি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্রমে বাড়ছে পানিবন্দির সংখ্যা।



