ব্রাজিল ও জাপানের দূরত্ব শুধু ভৌগোলিক মানচিত্রেই। ফুটবল মাঠে গত তিন দশকের বেশি সময় ধরে নিয়মিতই দেখা হয়েছে দুই দেশের। সেই লড়াইয়ের ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে সেলেসাওরা। তবে সাম্প্রতিক স্মৃতি জাপানের জন্যই সবচেয়ে সুখের।

১৯৮৯ সালে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। জে. লিগের পরিচিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার বিসমার্কের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় দিয়ে শুরু হয় ব্রাজিলের আধিপত্য। এরপর এখন পর্যন্ত ১৪টি ম্যাচে ব্রাজিল জিতেছে ১১টিতে, দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের ঝুলিতে রয়েছে মাত্র একটি জয়।
কিন্তু সেই একমাত্র জয়টিই এসেছে সর্বশেষ সাক্ষাতে। ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে হাজিমে মোরিয়াসুর দল। বিরতির আগে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা জাপান দ্বিতীয়ার্ধে তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদার গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় কার্লো আনচেলত্তির ব্রাজিলকে।
জাপানের জন্য এটি ছিল বহু প্রতীক্ষিত এক সাফল্য। কারণ, এর আগে ব্রাজিলের বিপক্ষে টানা ছয় ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছিল তাদের। সবশেষ জয়ের আগে ২০১৩ সালের কনফেডারেশন্স কাপের গ্রুপপর্বে ব্রাজিল ৩-০ ব্যবধানে হারিয়েছিল জাপানকে। পরে সেই আসরের শিরোপাও জেতে সেলেসাওরা।



