Homeবিনোদনত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন মোশাররফ করিম

ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন মোশাররফ করিম

সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাভাসি’র ২০২৫-২৬ সালের আয়োজনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিচারক হিসেবে তিনি প্রথমবারের মতো এমন দায়িত্বে নিজেকে যুক্ত করলেন।

প্রতি বছরের ন্যায় এবারও ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত (বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর) বাভাসি’র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক বাছাই পর্বে ৫২টি চলচ্চিত্র সিলেকশন করা হয়েছে। এর মধ্যে জুরি বোর্ডের পর্যবেক্ষণের আলোকে সেরা ১৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরবর্তীকালে ফাইনাল রাউন্ডের জন্য ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেয়ার চেষ্টা করি। বাভাসি সত্যি অসাধারণ এক প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধাবিকাশের সুযোগ রয়েছে। আমার এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এইটাই আমার প্রথম দায়িত্ব পাওয়া। ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে বিচারক হিসেবে এমন একটি দায়িত্বে রাখার জন্য।’

বাভাসি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, অভিনয় শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদনা, গীতিকার, আবহ-সংগীত, রূপসজ্জা ইত্যাদির উপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। চলচ্চিত্রের প্রতিটি কার্যক্রমের যোগ্যতার ভিত্তিতে শ্রেণি অনুযায়ী নতুনদের প্রতিভা বিকাশের এক সৌন্দর্যমন্ডিত মাধ্যম হিসেবে আজ দেশ-বিদেশে সুপরিচিত বাভাসি চলচ্চিত্র উৎসব।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব প্ল্যাটফর্মে বিজয়ী হয়ে অনেকেই ইতোপূর্বে মিডিয়া অঙ্গনে নিজ নিজ মেধার পরিচয় দিচ্ছেন- এগিয়ে যাচ্ছেন নিজ কর্মগুণে।

- Advertisment -spot_img

সর্বশেষ খবর