বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম আওলাদ হোসেন। গত ১ জুলাই থেকে তাকে ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এর আগে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন কে এম আওলাদ হোসেন। ২০২১ সালে তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক এবং সিবিও হিসেবে যোগদান করেন। ব্যাংকটির যাত্রার শুরু থেকেই ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।
কে এম আওলাদ হোসেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটিতে একাধারে চিফ বিজনেস অফিসার, চিফ অপারেটিং অফিসার, হেড অব ব্রাঞ্চ বিজনেস এবং শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন। তারও আগে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।



