
বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের উদ্বেগ নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংলগ্ন হওয়ায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে।
গুও জিয়াকুন বলেন, “চীন-বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাব থেকেও মুক্ত থাকা উচিত।”
তিনি তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পকে (টিআরসিএমআরপি) বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প বাস্তবায়নে যথাসাধ্য সহযোগিতা দিতে প্রস্তুত চীন।



