
আবারও আইনি জটিলতায় পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর একটি আদালত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত বারবার সমন পাঠানোর পরও প্রকাশ রাজ হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করেন।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, তিনি বিচারিক নির্দেশের জবাব দেননি এবং নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত হননি।
এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। সে সময় আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ করেন, প্রকাশ রাজ একই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।



