
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



